বাগেরহাটের মোংলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের এক শিশুর মৃত্যুর পর নতুন করে আরও তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইফা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে শনিবার দুপুরে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন আমার দেশ কে জানান, রবিবার সকালে নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান তিনি।




