বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের আলোচিত দেল- ভাসানি খালটির নেট -পাটা ও বাদ অপসারণ করে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে দিয়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৯ জুলাই) সকালে জেলা যুবদল নেতা শেখ সাইফুজ্জামান (মনা) স্থানীয় গণ্যমান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে জনস্বার্থে এই খালটি উন্মুক্ত করে দেন।
এর আগে গত ৪ঠা জুলাই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খালটি উন্মুক্ত করার জন্য খালটির মুখে ওয়াপদা এলাকায় অবস্থান করেন। এ সময় জানতে পারেন এলাকার শতাধিক ব্যক্তি ওই খালের সামনে নেট – পাটা দিয়ে মৎস্য চাষ করছে। সেখানে উভয় পক্ষের আলোচনা শেষে মানবিক কারণে মাছ ধরে নেওয়ার জন্য ২০ জুলাই পর্যন্ত সময় দিয়ে ফিরে আসেন সংসদ সদস্য ও বাগেরহাটের জেলা প্রশাসক। নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন পূর্বেই খালটির মুখে থাকা নেট পাটা অপসারণ করে নিয়েছেন মৎস্য চাষিরা।
স্থানীয়রা জানান, খালের মুখে নেট পাটা ব্যবহার করে খালে মাছ চাষ করায় বর্তমান বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। খালটি উন্মুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা আরো বলেন, শুধু দেল-ভাসানি খাল নয়, এলাকায় যেসব সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছে অনতিবিলম্বে সেই খাল গুলোকে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।খালগুলোর মুখ বন্ধ এবং অবৈধ উপায়ে মাছ চাষ করার কারণে সামান্য বৃষ্টিপাত, জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষকে দীর্ঘ সময় পানিবন্দি অবস্থায় থাকতে হয়। তারা অনতিবিলম্বে অন্যান্য খাল গুলো উন্মুক্ত করার দাবী জানান।
যুবদল নেতা সাইফুজ্জামান মনা বলেন, বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা বিএনপি যুবদল ছাত্রদলের কোন কর্মী এলাকার কোন খাল দখল করে অবৈধ উপায়ে মাছ চাষ করুক তা আমরা চাই না। খাল দখল করে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে ফেলতে চাই না। আমাদের দল বিএনপি’এবং দলের নেতাকর্মীদের সুনাম নষ্ট হোক তাও চাই না। আজ সবাইকে সাথে নিয়ে দেল- ভাসানি খাল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অতি দ্রুত এই এলাকার অবৈধ বাঁধ দেওয়া সকল খাল কিংবা জলাশয় উন্মুক্ত করে দেওয়া হবে।



