মোংলায় ‘ভাষা শেখানোর’ আড়ালে কী চলছে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী; তদন্তের দাবি

 বাগেরহাটের মোংলায় কয়েকজন চীনা নাগরিকের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, ভাষা শেখানোর নামে কিছু তরুণীকে ক্লাসে অংশগ্রহণ করিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে এবং পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট হিসেবে প্রকাশ করা হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোর কয়েকটিতে ডিজে গানের তালে নাচ, পার্টির পরিবেশ এবং মদ্যপানের মতো দৃশ্য দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এছাড়া আরেকটি ভাইরাল ভিডিওতে কয়েকজন তরুণীকে গোসল করানোর দৃশ্য ধারণ করা হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
স্থানীয়দের অভিযোগ, ভাষা শেখানোর প্রলোভন দেখিয়ে তরুণীদের ক্লাসে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের দিয়ে বিভিন্ন ভিডিও ধারণ করা হয়। অভিযোগ রয়েছে, পুরো কার্যক্রমে স্থানীয় এক দোভাষী সমন্বয়কের ভূমিকা পালন করছেন।
স্থানীয়দের ভাষ্য, এর আগেও মোংলায় চীনা নাগরিকদের অংশগ্রহণে দড়ি টানাটানির নামে অর্থ লেনদেনভিত্তিক একটি খেলার আয়োজন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় অনেকেই এটিকে জুয়ার আসর বলে অভিযোগ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ভাইরাল ভিডিওগুলো প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, বিদেশি নাগরিক বা স্থানীয় যেই হোক না কেন, যদি কেউ বাংলাদেশের আইন, সামাজিক মূল্যবোধ বা জনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভাইরাল ভিডিও এবং উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর দ্রুত তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা। তাদের বক্তব্য, গুজব বা অপপ্রচার নয়—তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
মোংলাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযোগ যাতে আর না ওঠে, সে জন্য বিদেশি নাগরিকদের বিভিন্ন কার্যক্রমে যথাযথ নজরদারি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি