বাগেরহাটের মোংলা উপজেলার পশ্চিম দত্তের মেঠ গ্রামের বাসিন্দা বিপুল মন্ডল (৪৬) স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মো. নিহান ইসলাম বিপুল’ রেখেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন এই পরিচয়ে জীবন শুরু করেছেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাগেরহাট নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামা (এফিডেভিট) সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ এবং নাম পরিবর্তনের ঘোষণা দেন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, মো. নিহান ইসলাম বিপুল মোংলা উপজেলার পশ্চিম দত্তের মেঠ গ্রামের বাসিন্দা। তিনি অজয় মন্ডল ও সুস্মা মন্ডলের ছেলে এবং পেশায় একজন চাকরিজীবী।
হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আদর্শ, আচার-অনুষ্ঠান, সংস্কৃতি এবং সর্বোপরি ইসলামের শান্তির বাণীতে আকৃষ্ট হয়ে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে ও বুঝতে চেষ্টা করেন। পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, স্বজ্ঞানে ও স্বেচ্ছায়, কারও প্ররোচনা, চাপ বা প্রলোভন ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
হলফনামা অনুযায়ী, একই দিন স্থানীয় এক আলেমের কাছে পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)” পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি পূর্বের নাম ‘বিপুল মন্ডল’ ব্যবহার করবেন না। পরিবর্তে ‘মো. নিহান ইসলাম বিপুল’ নামেই তিনি সর্বত্র পরিচিত হবেন এবং দাপ্তরিকসহ সকল ক্ষেত্রে নতুন নাম ব্যবহারের উদ্যোগ নেবেন। নাম পরিবর্তন ও ধর্ম গ্রহণের বিষয়টি আইনগতভাবে সংরক্ষণ এবং সর্বসাধারণকে অবহিত করার উদ্দেশ্যেই তিনি হলফনামা সম্পাদন করেছেন।
ধর্ম পরিবর্তনের বিষয়ে তিনি জানান, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ইসলামের প্রতি দীর্ঘদিনের অনুরাগ ও বিশ্বাস থেকেই তিনি নতুন এই পথ বেছে নিয়েছেন এবং নতুন পরিচয়ে জীবনের বাকি সময় অতিবাহিত করতে চান।




