ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপ সইতে না পেরে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বুকে জড়িয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় নদী থেকে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের বাসিন্দা এবং সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফেরিঘাট এলাকায় পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে হঠাৎ সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। বিষয়টি ঘাটে থাকা স্থানীয়দের চোখে পড়ামাত্রই কোনো বিলম্ব না করে কয়েকজন নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই নদী থেকে মা ও মেয়েকে নিরাপদে তীরে তুলে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
ভুক্তভোগী লাকি আক্তার নিজের কষ্টের কথা জানিয়ে বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে আমাদের বিচ্ছেদ (ডিভোর্স) হয়ে যায়। এরপর থেকে একমাত্র কন্যাসন্তানের নিজের কাছে রাখা ও তার অধিকার নিয়ে সাবেক স্বামীর পরিবার থেকে নানামুখী চাপের মুখে পড়ি। দীর্ঘদিনের এই মানসিক অস্থিরতা থেকে আত্মহননের মতো এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলাম।’
দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা
এ বিষয়ে লাকি আক্তারের সাবেক স্বামী সাইদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা ও শিশু বর্তমানে সুস্থ এবং নিরাপদ হেফাজতে রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো প্ররোচনা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




