আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাঁকবদল ঘটবে।” তিনি জানান, বিএনপি যে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে, তা জনগণের রায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায়, যাতে দেশে আর কোনো বেকার না থাকে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণসহ চকরিয়া–পেকুয়া অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করার আশ্বাস দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ধানের শীষকে গণতন্ত্র ও মানুষের মার্কা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দেবে—এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাঁদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন। সেখানে এক পথসভায় তিনি বলেন, “সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে, তারুণ্যের ভাবনাকে ধারণ করে বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা সাজিয়েছে।” তিনি দাবি করেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে এবং গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রথমবারের মতো পিতার পক্ষে নির্বাচনী মঞ্চে আসেন সালাহউদ্দিন আহমদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ। তিনি সবার কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করলে উপস্থিত জনতা তাকে উষ্ণ শুভেচ্ছা জানান।




