মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে “মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন” স্লোগানে শ্রীনগর ইউনিয়নের হরপাড়া গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম-এর উদ্যোগে আয়োজিত এ খেলায় শ্রীনগর স্টেডিয়াম মাঠে মুখোমুখি হয় বিবাহিত দল ও অবিবাহিত দল। খেলায় বিভিন্ন বয়সী অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিবাহিত দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম এবং অপরদিকে অবিবাহিত দলের হয়ে অংশ নেন একদল উদ্যমী ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়।
৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে অবিবাহিত দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধে বিবাহিত দল ৩ গোল করে এগিয়ে যায়। পরে অবিবাহিত দল একটি গোল শোধ করে শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র দিয়ে শেষ হয়।
খেলা শেষে উপস্থিত দর্শকরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, মাদকাসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।




