বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ কুচকাওয়াজে ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সব ধরনের ভয়ভীতি, পক্ষপাত, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “মানবিক পুলিশের মাধ্যমে নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করলেই বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বেস্ট ক্যাডেট নির্বাচিত হন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান। এছাড়া বেস্ট একাডেমিক হিসেবে মো. সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ হিসেবে তৌকির আহমেদ, বেস্ট সুইমার হিসেবে আশরাফুল ইসলাম এবং বেস্ট শুটার হিসেবে মো. কামরান শেখ পুরস্কৃত হন।
সমাপনী কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আইজিপি সফল আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দুই বছরের বাস্তবমুখী মাঠ প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।




