আ’লীগের মন্ত্রী-এমপিরা মাদকের ডিলার ছিল অভিযোগ অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর

আওয়ামী লীগের শাসনামলে দেশের সর্বস্তরে মাদক ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি দাবি করেন, সে সময়ের অনেক মন্ত্রী-এমপিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং কার্যত ‘মাদকের ডিলার’ হিসেবে কাজ করেছেন। বর্তমান সরকার মাদকের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে আনতে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অসংখ্য তরুণের জীবন বিপথে গেছে এবং সামাজিক অবক্ষয় বেড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকট মোকাবিলা করা যাবে না।
ইমাম ও পুরোহিতদের উদ্দেশে তিনি বলেন, মসজিদের খুতবা, ওয়াজ-মাহফিল এবং মন্দিরের ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে সামাজিক ও নৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণের পাশাপাশি নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে শিক্ষানবিশ আইনজীবীর সংবাদ সম্মেলন- দুষ্কৃতকারীদের বিচার ও জানমালের নিরাপত্তা দাবী

​গোয়েন্দা (ডিবি) পুলিশের দুর্নীতিগ্রস্ত সদস্য ও একদল দুষ্কৃতকারী চক্রের যোগসাজশে