রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন ব্যাংকের সচেতন গ্রাহকরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বানেশ্বর ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জানান, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি আব্দুল মান্নানের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে ফোরামের সেক্রেটারি আমিনুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন আবুল কালাম আজাদ ও হাসানুজ্জামান।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংককে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিও জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারী গ্রাহকরা বলেন, ইসলামী মূল্যবোধ, সততা ও আমানতদারিতার নীতির আলোকে ব্যাংক পরিচালিত হওয়া উচিত। ইসলামী শিক্ষার আলোকে জনগণের আমানত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
প্রায় এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।



