জর্ডানে ইরানের মুহুর্মুহু হামলায় কাবু মার্কিন সেনারা, বেশ কয়েকজন আহত

জর্ডানে দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

আহতদের বর্তমান শারীরিক অবস্থা বা হামলার সঠিক সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র ও জর্ডান উভয় দেশই কোনও প্রাণহানির খবর স্বীকার করেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য আরেক মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পেন্টাগন তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ১৪ মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৪০০ জনেরও বেশি সেনা সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইরান। কাতার, জর্ডান, বাহরাইন ও কুয়েতে নিয়মিত হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে আগামী দিনগুলোতে ‘পূর্ণমাত্রার আক্রমণ’ চালানো হবে।

শুক্রবার প্রথমবারের মতো সিরিয়ায় একটি মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ছাড়া চার মাসের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন