দিনাজপুরের বিরামপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার রনগাঁও এলাকায় এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ওপর অভিযান চালিয়ে নুরুল ইসলামের কন্যা ও নিজাম উদ্দিনের স্ত্রী নারগীছ বানু (৩৯)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিছকিনি এলাকায় জনৈক নুরবানুর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে লুৎফর রহমানের কন্যা নুরবানু (৩৫), একই এলাকার লুৎফর রহমানের পুত্র রায়হান কবির (২২) এবং মৃত আবেদ আলীর পুত্র এআর আরাফাত (৩৫)-কে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরে একই রাতে ১১টা ৫৫ মিনিটে বিরামপুর উপজেলার তৈয়বপুর (জোলাগাড়ি) এলাকার একরামুল হকের পুত্র রাসেল ইসলাম (২৮)-কে চকপাড়া এলাকার মা ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ আটক করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




