মহিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ জন

​পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় ১৪ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ সালেক হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
​র‍্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকায় মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান।
​উক্ত ঘটনার পর নিহতের ছেলের লিখিত এজাহারের ভিত্তিতে ২১ জুলাই ২০২৬ তারিখে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৬, ধারা: ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/৫০৬ পেনাল কোড)। মামলাটির তদন্তভার গ্রহণ করেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সামসুল ইসলাম।
মামলার শুরু থেকেই আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সম্ভাব্য সকল মাধ্যমে অভিযান চালাতে থাকে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সামসুল ইসলামের নেতৃত্বে ও র‍্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১৪ নম্বর আসামি মোঃ সালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালেক হাওলাদার নয়াকাটা গ্রামের (০৫ নং ওয়ার্ড) মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদার ও মৃত আয়শা বেগমের ছেলে।
​গ্রেফতারের পর ২৫ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় আসামিকে মহিপুর থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সতত্য নিশ্চিত করে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ পাহারায় আজ (২৬ জুলাই ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন