বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির সক্রিয় কর্মী মোঃ ওবায়দুল শেখ বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় হাসেন শেখের ছেলে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হন এবং দীর্ঘ সময় বাড়িছাড়া জীবনযাপন করতে বাধ্য হন।
বর্তমানে তিনি ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি সততা, নিষ্ঠা ও সংগঠনের প্রতি আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন।
স্থানীয়দের দাবি, আগামী ইউপি নির্বাচনে তিনি ৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলে জনগণের সেবা আরও কার্যকরভাবে করতে পারবেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খান জাহান সরদার বলেন,
“ওবায়দুল শেখ দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। রাজনৈতিকভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তার মতো কর্মীদের মূল্যায়ন করা উচিত।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি জানান,
“তিনি একজন নিবেদিতপ্রাণ কর্মী। অতীতে তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের পাশে ছিলেন। দল ও জনগণের জন্য তার ভূমিকা ইতিবাচক।”
এ বিষয়ে বিএনপি নেতা মোঃ ওবায়দুল শেখ বলেন,
“আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছি। হামলা-মামলার শিকার হয়েও দলের সঙ্গে ছিলাম। যদি এলাকাবাসী সুযোগ দেয়, তাহলে আমি জনগণের সেবা করতে চাই এবং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দারাও মনে করেন, ওবায়দুল শেখ নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল হবে। তারা তার প্রতি সমর্থন ও দোয়া কামনা করেছেন।




