নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভোরে উপজেলান হাতিপাগার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালিনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)।
পুলিশ জানায়, উপজেলার হাতিপাগার এলাকায় পাকা সড়কে কয়েকজন চোরাকারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল ছিল।
উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




