বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান ও নীলফামারী-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জেবেল রহমান গাণি বলেন, ‘এই এলাকার মানুষ সহজ-সরল প্রকৃতির। আর মানুষের এই সরলতাকে পুজি করে জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতের টিকিট দিবেন বলে মানুষের সাথে প্রতারণা করছেন।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধায় ডোমার বাটার মোড়ে বাংলাদেশ ন্যাপের আয়োজনে প্রচারণার শেষ দিনে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি যে শরীক দলকে মনোনয়ন দিয়েছে সেই জমিয়ত সংগঠনটিও মৌলবাদী।’
জামায়াত কখনো ৭১কে স্বীকার করেনি। আর যারা স্বাধীনতা ও ৭১কে স্বীকার করে না তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান ন্যাপের এই সংসদ সদস্য পদপ্রার্থী।
সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতি এবং উন্নয়ন করতে এবার গাভী মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের অনুরোধ করেন।
ন্যাপের এই নেতা বলেন, ‘সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার নাতি ও আমার বাবা সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ছেলে ও এলাকার সন্তান হিসেবে এবার আমার গাভী মার্কা প্রতীকে ভোট দিবেন।
তিনি আরও বলেন, ‘তিনটি সংসদ নির্বাচন, কোন নির্বাচনই ছিল না। তেমনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনও কোন নির্বাচন নয়। কারণ এই নির্বাচনে আ.লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।’
ন্যাপের চেয়ারম্যান বলেন, ‘আ.লীগ যদি ফ্যাসিষ্ট হয় তবে জাতীয় পার্টিও ফ্যাসিষ্টের দোসর। তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’
বিএনপি ও আ.লীগকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে তিনি বলেন, ‘স্বাধীনতার জন্য এই দুই দলের অবদান রয়েছে। আজ আ.লীগ যদি নির্বাচন করতো তবে দেখা যেতো জান্নাতের টিকিট দেওয়া দলটি ৫টির বেশি আসন পেত না। আজ তারা সরকার গঠনের স্বপ্ন দেখে।’
তিনি ১২ তারিখের নির্বাচনে মৌলবাদী দলকে প্রত্যাখ্যানের আহ্বান জানান।
উপজেলা ন্যাপের সভাপতি জগবন্ধুর সভাপতিত্বে এসময় পথসভায় বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
পথসভা শেষে এক বিরাট মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে




