সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামগোবিন্দপুর এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৫ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্লীলতাহানি, স্বর্ণালঙ্কার লুটপাটের পাশাপাশি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
কালীগঞ্জ থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার রামগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ সালাউদ্দীন (৩৩) এর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিবাদমান পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে গাছের ফলফলাদি পাড়তে থাকে।
এসময় বাদীর স্ত্রী রুমি খাতুন (২২) বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয় এবং তার পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন, পরে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
স্বামীর চিৎকারে এগিয়ে আসলে বাদী, তার পিতা আব্দুল আজিজ (৬৫), ভাই সাকির উদ্দীন (২৯) ও ভাবী মোছাঃ হাবিবা সুলতানা (২৫) কে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে সাকির উদ্দীনের দুই হাতে গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও বাদীর স্ত্রীর গলায় থাকা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং বাদীর ভাইয়ের স্ত্রীর গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
হামলাকারীরা জমির গাছপালা কেটে ও ফলফলাদি নিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলেও কালীগঞ্জ থানার অভিযোগের ভিত্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, ভুক্তভোগী পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে বিবাদীরা তাদের পুকুরে বিষ প্রয়োগ করেছে বলেও অভিযোগ উঠেছে। এতে মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
অভিযোগে আরও বলা হয়, নিজেদের অপরাধ আড়াল করতে বিবাদীপক্ষ পাল্টা মামলা (কাউন্টার মামলা) করার পাঁয়তারা করছে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বলেন যে আমরা সম্পূর্ণ নির্দোষ নিরপরাধী ইচ্ছা করে বিবাদীপক্ষ তাদের উপরে এই ধরনের নির্মম নির্যাতার চালিয়েছে এবং কোনমতেই তারা ওই জমি পাবেন না কারণ বাদীপক্ষ অর্থাৎ আমাদের কাছে সকল সরকারি নিয়ম অনুযায়ী জমির কাগজপত্র দলিল আছে এজন্য তারা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত ভিত্তিক সঠিক বিচারের দাবি জানিয়েছেন।



