নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওরের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা ধানক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী-কে অবহিত করেন। তার মাধ্যমে প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে থাকা মোহনগঞ্জ থানার এএসআই শাজাহান জানান, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা প্রাথমিকভাবে এটিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ হিসেবে ধরে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।



