কিশোরগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে কটিয়াদী মডেল থানা পুলিশ। এই অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভীন আক্তার (৩৯) নামের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানাধীন বেথইর এলাকায় পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত পারভীন আক্তারকে আটকের পর তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য কটিয়াদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।




