পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পায়রা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
টোল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সজল আহমেদ সৈকত পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার বাদ জোহর জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সজল আহমেদ সৈকতের আকস্মিক মৃত্যুতে পায়রা সেতুর টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



