কাউখালীতে পুলিশের অভিযানে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য

 পিরোজপুরের কাউখালীতে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। গত ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মাত্র ২৫ দিনে অভিযানে ২৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি জীবন্ত গাঁজা গাছ এবং ১ কেজি ৫০ গ্রাম গাঁজা।
গত ৩ জুলাই’২৬ (শুক্রবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত চার মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সদর ইউনিয়নের বাশুরী গ্রামের রাজু (৩০), একই এলাকার ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের সজল (৩০) এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার কবির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু মাদক কারবারি যুবসমাজকে বিপথে নেওয়ার চেষ্টা করছিল। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমেছে। তারা এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানান। তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন