কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (১৮এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে কোম্পানিগঞ্জ সংলগ্ন ত্রিশ এলাকায় ‘এস কে ট্রেডার্স’ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, জ্বালানি তেল মজুদ ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী একটি মামলায় এই জরিমানা করা হয়েছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




