কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে বর্তমান ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ (প্রথম) শ্রেণির পৌরসভায় উন্নীত করার প্রস্তাব দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম।
এ লক্ষ্যে তিনি ২০২৫ সালের ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি ডেমি-অফিসিয়াল (ডিও) লেটার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ডিও লেটারে উল্লেখ করা হয়, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে। কুলিয়ারচর পৌরসভা বর্তমানে ‘খ’ শ্রেণিভুক্ত হলেও জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং নাগরিক সেবার চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সীমিত আর্থিক বরাদ্দ ও প্রশাসনিক সক্ষমতার কারণে পৌর কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত মানের নাগরিক সেবা নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, কুলিয়ারচর পৌরসভাকে ‘ক’ (প্রথম) শ্রেণিতে উন্নীত করা হলে অধিকতর উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জাসহ বিভিন্ন নাগরিক সুবিধার মান উন্নত হবে এবং পৌর কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। এতে পৌরবাসী আরও উন্নত ও আধুনিক নাগরিক সেবা লাভ করবেন।
সবশেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কুলিয়ারচর পৌরসভার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের স্বার্থে পৌরসভাটিকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ (প্রথম) শ্রেণিতে উন্নীত করতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ জানান।




