কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: মাত্র ৫ ঘণ্টায় মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ২৪ জন আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে মিরপুর থানা পুলিশ। অভিযানে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন এবং জুয়ার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে। তারা অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করে পুলিশ জানায়, যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য গোপনীয়তার সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় মিরপুর থানা পুলিশের এ অভিযান এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পুলিশ বলছে, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন