গোপালগঞ্জ, শনিবার: চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ঢাকা গোপালগঞ্জ ও গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কেএম বাবর। এছাড়া, পহেলা বৈশাখ থেকে ঢাকা বেনাপোলগামী ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে বলেও তিনি জানান। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাবর বলেন, ট্রেন চালু হলে এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এতে কম খরচে ঢাকা, বেনাপোল ও রাজশাহী যাতায়াত সহজ হবে এবং সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নেও গতি আসবে। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, গোপালগঞ্জে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, আগে কেন গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চালু করা হয়নি এবং কেন এ জেলায় কোনো ইপিজেড স্থাপন করা হয়নি।
গোপালগঞ্জ পৌরসভার পানির সমস্যা তুলে ধরে এমপি বাবর বলেন, এখনও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে মানুষ। পর্যাপ্ত অর্থ থাকার পরও একটি কার্যকর পানির প্ল্যান্ট স্থাপন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, জেলার উন্নয়নে তিনজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ ও দরিদ্র মানুষের পক্ষে কাজ করতে হবে এবং মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একইসঙ্গে সরকারি কর্মকর্তাদের জনগণের উপকারে আসে এমন প্রকল্প গ্রহণের আহ্বান জানান এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা না করার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




