জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর ইসলামের শোকবার্তা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক শোকবার্তায় বলেছেন
“বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
ডা. শফিকুর ইসলাম আরও বলেন, মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাঁদের ওপর আইনি নিপীড়ন চালানো হয়েছিল, সে সময় তিনি তাঁদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে মামলা পরিচালনা করেছেন। তাঁকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি। বরং তিনি বলতেন, “এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।” এ জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর ইসলাম।
শোকবার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমের সকল দোষ-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন