ফুলজোড় (বাঙালি) নদী দূষণ ইস্যুতে আন্দোলন: ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এস আর কেমিক্যাল কোম্পানির বিরুদ্ধে ফুলজোড় (বাঙালি) নদী দূষণের অভিযোগ তুলে আন্দোলনে অংশ নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। বগুড়া জেলার শেরপুর উপজেলার এস আর কেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে এ মামলা করা হয়।
নদী দূষণের প্রতিবাদে “নদী দূষণের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন” কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ধানগড়া (রায়গঞ্জ), চান্দাইকোনা (রায়গঞ্জ) ও আশপাশের এলাকায় মানববন্ধন ও লংমার্চ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, কোম্পানির বিষাক্ত বর্জ্য পানির কারণে ফুলজোড় (বাঙালি) নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে।
এ ঘটনার পর কোম্পানির পক্ষে গোলাম কিবরিয়া বাদী হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় কোম্পানির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—
১। তৌহিদুল রহমান বাবু
২। আলী রেজা বিশ্বাস (মোনা)
৩। মোঃ আঃ রাজ্জাক সরকার
৪। মোঃ সাব্বির আহমেদ
৫। মোঃ ফাহিম কায়সার
৬। রুবেল সরকার
এছাড়াও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পরিবেশ রক্ষা ও নদী বাঁচানোর দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, “কোম্পানির বিষাক্ত পানির কারণে ফুলজোড় (বাঙালি) নদীর মাছ মরে যাচ্ছে। নদী ও পরিবেশ রক্ষার স্বার্থে আমরা প্রতিবাদ করেছি।”
এ অবস্থায় অভিযুক্তরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন