কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে আধুনিক ভাসমান (Floating) সংযোগ সিঁড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পরিষদ। জোয়ার-ভাটার কারণে প্রতিদিন হাজারো যাত্রীর নিরাপদ ওঠানামায় যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা লাঘবের লক্ষ্যে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেটিঘাট পরিদর্শন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
পরিদর্শনকালে তিনি জেটিঘাটের বিদ্যমান অবকাঠামো, জোয়ার-ভাটার পানির উচ্চতার তারতম্য এবং যাত্রীদের চলাচলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
জেলা পরিষদ প্রশাসক বলেন, মগনামা জেটিঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু জোয়ার-ভাটার সময় পানির উচ্চতা পরিবর্তনের কারণে যাত্রীদের নিরাপদে নৌযানে ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তিনি জানান, এ বাস্তবতা বিবেচনায় জেলা পরিষদের উদ্যোগে জোয়ার-ভাটার পানির উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক, মজবুত ও নিরাপদ ভাসমান (Floating) সংযোগ সিঁড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরের সব সময় যাত্রীদের নিরাপদ ও সহজে জেটিতে ওঠানামা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এটিএম নুরুল বশর চৌধুরী আরও বলেন, মানুষের দুর্ভোগ লাঘব ও জনবান্ধব অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তিনি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মগনামা জেটিঘাটে নিরাপদ সংযোগব্যবস্থার অভাবে প্রতিদিনই যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জেলা পরিষদের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসী ও যাত্রীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।




