মাথাপিছু আয় ২,৭৬৯ ডলার, জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৪৯ শতাংশ

২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এর আগের অর্থবছর ২০২৩–২৪ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে গড় আয় বেড়েছে ৩১ ডলার।

মাথাপিছু আয় ব্যক্তিগত উপার্জনের হিসাব নয়। দেশের ভেতরে উৎপাদিত মোট আয় ও প্রবাসী আয় মিলিয়ে যে জাতীয় আয় দাঁড়ায়, সেটিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় পাওয়া যায়, সেটিই মাথাপিছু আয় হিসেবে ধরা হয়।

বিবিএসের তথ্য অনুযায়ী, বর্তমানে টাকার অঙ্কে গড় মাথাপিছু আয় ৩ লাখ ৩৪ হাজার ৫৫১ টাকা।

পরিসংখ্যান বলছে, টানা দুই অর্থবছর কমার পর চলতি ২০২৪–২৫ অর্থবছরে আবারও এ সূচকে উত্থান দেখা গেছে। ২০২১–২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরের বছর ২০২২–২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। ২০২৩–২৪ অর্থবছরে আরও নেমে হয় ২ হাজার ৭৩৮ ডলার। সর্বশেষ হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২ হাজার ৭৬৯ ডলার।

তবে একই সময়ে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে নিম্নগতি দেখা গেছে। চূড়ান্ত হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ, যা সাময়িক হিসাবের তুলনায় দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কম। এর আগের অর্থবছর ২০২৩–২৪ সালে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী, মাথাপিছু আয় কিছুটা বাড়লেও জিডিপি প্রবৃদ্ধির নিম্নমুখী ধারা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে শ্লথতার ইঙ্গিত দেয়। আগামী অর্থবছরে বিনিয়োগ, রপ্তানি এবং প্রবাসী আয়ের গতিপ্রকৃতি এ সূচকের ওপর বড় প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন