মাদকমুক্ত পিরোজপুর সদর গঠনে তথ্য চাইল উপজেলা প্রশাসন

মাদকমুক্ত পিরোজপুর সদর উপজেলা গঠনের লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা চেয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী, মাদক বিক্রয়কেন্দ্র কিংবা মাদকসেবন সংক্রান্ত নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে একটি অনলাইন গুগল ফর্ম চালু করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা শান্ত ও ঐতিহ্যবাহী পিরোজপুর সদরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ও সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের আহ্বানে বলা হয়েছে, কারও কাছে যদি মাদক ব্যবসা, মাদক বিক্রি বা মাদকসেবন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য থাকে, তবে গুগল ফর্মের মাধ্যমে তা জানিয়ে প্রশাসনকে সহযোগিতা করা যেতে পারে। তথ্যদাতার নাম-পরিচয় ও প্রদত্ত তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। এছাড়া তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো লগইন বা ব্যক্তিগত তথ্য প্রদান বাধ্যতামূলক নয়।
প্রশাসন আরও জানিয়েছে, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত পিরোজপুর সদর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সকল সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন