নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে আলিনুর ফকির (প্রায় ৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির ওই এলাকার আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে একদল দুর্বৃত্ত আলিনুর ফকিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।




