শিবচরে উদ্বোধনের অপেক্ষায় ২৩ কোটি টাকার শিবচর পৌর শিশু পার্ক

মাদারীপুরের শিবচরে চালু হতে যাচ্ছে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ‘শিবচর পৌর পার্ক’। শিবচরের ময়না কাটা নদীর তীরে নির্মিত এ পার্কের ৯৭ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের পাশাপাশি স্থানীয়দের অবসর সময় কাটানোর নতুন কেন্দ্র হিসেবে পার্কটি চালু হতে যাচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করছেন শিবচরবাসী।”
পৌরসভা সূত্রে জানা গেছে, বড় দোয়ালী এলাকায় ময়না কাটা নদীর তীরে প্রায় পাঁচ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে প্রথম ধাপে ১৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপে আরও ছয় কোটি ৫৬ লাখ টাকার উন্নয়নকাজ যুক্ত করা হয়। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি টাকা।”
চলতি জুন মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে অধিকাংশ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগসহ কিছু আনুষঙ্গিক কাজ শেষ করার প্রস্তুতি চলছে।”
শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য পার্কে রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, লাইন ডি মুভি রাইডসহ মোট ১৪টি আধুনিক রাইড। ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্স নির্মাণকাজ বাস্তবায়ন করছে।”
এখনো আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পার্কটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। ঘুরতে আসা দর্শনার্থী ফেরদৌসী আক্তার বলেন, ‘প্রত্যন্ত একটি এলাকায় এত বড় ও আধুনিক পার্ক হবে, তা কখনো ভাবিনি। বাইরে থেকেই পার্কটির সৌন্দর্য মুগ্ধ করেছে। উদ্বোধন হলে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে। আমরা চাই, দ্রুত পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।”
স্কুল পড়ুয়া শিক্ষার্থী আনিশা বলেন, ‘বিকাল হলেই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই। কিন্তু শিবচরে ভালো কোনো বিনোদনকেন্দ্র না থাকায় তেমন আনন্দ করা যায় না। নতুন এই পার্কটি চালু হলে বন্ধুদের নিয়ে নিয়মিত এখানে আসব। বিভিন্ন রাইডে চড়ব, ঘুরে বেড়াব এবং সুন্দর সময় কাটাতে পারব।”
শিবচর প্রেস ক্লাবের সহ-সভাপতি আহসান হাবীব (শাহীন) বলেন, ‘শিবচরে বিনোদনের অল্প কয়েকটি স্থান রয়েছে। তন্মধ্যে এটি হবে একটি। এই পৌর শিশু পার্ক চালু হলে উপজেলাবাসীর বিনোদনের খোরাক হবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রতিটি রাইডের ফি যেন জনসাধারণের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দিনরাত সমানতালে কাজ করছেন’। জুলাইর মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এরপর দ্রুত পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আজ রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব