ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রথম ধাপের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকায় শৈলকুপার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমিত শয্যা, জনবল সংকট এবং রোগীর অতিরিক্ত চাপের কারণে হাসপাতালটিতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে এলেও শয্যা সংকটের কারণে অনেক রোগীকে প্রয়োজনীয় সেবা পেতে বিড়ম্বনায় পড়তে হয়। এতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপরও অতিরিক্ত কর্মচাপ সৃষ্টি হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন অবকাঠামো, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যুক্ত হলে রোগী ভর্তির সুযোগ বৃদ্ধি পাবে এবং উপজেলার সাধারণ মানুষ আরও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম (হিটু) বলেন, “সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শৈলকুপার উন্নয়নে আইনমন্ত্রী আসাদুজ্জামান ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে আসছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়টিও সেই উন্নয়ন ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্রুত প্রকল্পের বাস্তবায়ন হলে উপজেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা লাভ করবে এবং দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই দূর হবে।




