নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে মাহবুব (৩৭)নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক গরু ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান- খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের বীরজোয়ান কাজীকুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব খড়িকাডাঙ্গা গ্রামের মৃত নজরুল ইসলাম ছেলে ও আহত আলিম উদ্দিন একই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, পাঁড়ইল ইউনিয়নের পরিষদের সদস্য মুক্তারুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার চৌবাড়ীয়া হাট থেকে গরু কেনা-বেচা শেষে ভটভটিযোগে খড়িকাডাঙ্গা গ্রামে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী।
পথিমধ্যে উপজেলার বীরজোয়ান এলাকার কাজীকুড়ি নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনা স্থলে মাহবুব মারা যায়, স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলিম উদ্দিনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল আলম তালুকদার জানান, আলিম উদ্দিনকে জরুরী বিভাগে আনা হয়েছিল,তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানাো হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি এবং সেখানে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




