নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনী কাজের সূচনা করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজ খরচে সংস্কার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার এবং জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের কয়েকশ’ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।
স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও দীর্ঘদিন কোনো সংস্কার কাজ হয়নি। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় গণসংযোগকালে সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের কাছে সড়কটি সংস্কারের দাবি তোলা হয়। সে সময় তিনি নির্বাচিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি রক্ষা করে তিনি নিজস্ব অর্থায়নে সড়কটিতে ইটের খোয়া বিছিয়ে চলাচল উপযোগী করে তোলেন। পাশাপাশি সরকারি বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে পাকা করার আশ্বাস দেন।
স্থানীয় স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন বলেন, “বর্ষা এলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত। গর্ত আর খানাখন্দে চলাচল একেবারে দুর্বিষহ ছিল। এমপি মহোদয় নিজ খরচে সংস্কার করায় আমরা খুবই আনন্দিত।”
এ বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এখনো সরকারি কোনো বরাদ্দ পাইনি। তাই নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে সংস্কারের ব্যবস্থা করেছি। বরাদ্দ পেলে পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য সড়কও সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থ জনসম্মুখে প্রকাশ করা হবে।
এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।




