যশোরের চৌগাছা উপজেলায় বানর দেখতে গিয়ে সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে চৌগাছা-আড়পাড়া সড়কের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে দক্ষিণ সাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আশাদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকায় বানরখেলা দেখতে গিয়ে মোস্তাফিজুর রহমান সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের আবহ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যালয়সংলগ্ন এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।




