খুলনার কয়রা উপজেলায় চুরি হওয়া দুটি ছাগলের মধ্যে একটি জবাই করা অবস্থায় এবং অপরটি জীবিত
উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল-মামুন জানান, গত শুক্রবার গভীর রাতে কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা
গ্রামের তার বাড়ি থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুটি ছাগল চুরি করে নিয়ে যায়।
পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে ৫ নম্বর কয়রা এলাকার কাশির খালধার সংলগ্ন সরকারি
প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ডিপ্ট (সেচপাম্প)এর ঘরের ভেতর স্থানীয় বাসিন্দা
আজিজুল গাজী একটি খাসি ছাগল জবাই করা অবস্থায় এবং অপর একটি বকরি ছাগল জীবিত দেখতে পান।
পরে তিনি বিষয়টি আলমগীর গাজীকে জানালে তারা দুজন মিলে জীবিত ছাগলটি উদ্ধার করে নিরাপদে রাখেন।
খবর পেয়ে ছাগলের মালিক আব্দুল্লাহ আল-মামুন ঘটনাস্থলে গিয়ে জবাই করা ছাগল ও জীবিত ছাগল
শনাক্ত করে নিজের হেফাজতে নিয়ে আসেন।
এ ঘটনায় ভুক্তভোগীর উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি কয়রা থানায়
লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের
আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা এলাকায় গবাদিপশু চুরি প্রতিরোধে পুলিশি টহল
জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।




