গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া উপজেলার বরইতলী টাইম বাজারের হিন্দুপাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সকল নাগরিক সাংবিধানিকভাবে সমান। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে—এটাই বাংলাদেশের চেতনা। সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের ন্যায্য দাবিসমূহ বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির শাসনামলে অতীতেও কোনো সম্প্রদায়ের ক্ষতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এদেশের সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ।
তিনি আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি। তাই বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল বিএনপি তথা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করে একটি সাম্য, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহযোগিতা করবেন—যে বাংলাদেশের স্বপ্ন ছিল শহীদদের এবং সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের।
সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করা সরকারের দায়িত্ব—নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা অবশ্যই শালীন হতে হবে; উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এসব ইস্যু ব্যবহার করে রাজনৈতিকভাবে মাঠ উত্তপ্ত করতে চায়, তবে জনগণই তার জবাব দেবে।
জামায়াতে ইসলামীকে সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধিত্ব করে না। ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা রাজনীতি নয়। কোনো দল যদি দেশের মানুষের জন্য কী করবে—সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা ও ইশতেহার দেয়, জনগণ পছন্দ করলে ভোট দেবে—এটাই গণতন্ত্রের চর্চা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী